সৌদি আরবে কারফিউ শিথিল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে অন্যান্য দেশের নানা বিধি-নিষেধের মতো সৌদি আরবেও চলছে কারফিউ। এমনকি পবিত্র দুই নগরী মক্কার কাবা ও মদিনার মসজিদে নববিতেও তারাবি ও জামাতে নামাজ আদায়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে পবিত্র রমজান মাসে জনজীবনকে একটু স্বাভাবিকতা দিতে কারফিউ শিথিল করা হয়েছে। যদিও এর আওতায় পড়ছে না মক্কা।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আজ রোববার এক ঘোষণায় সাময়িকভাবে কারফিউ শিথিলের ঘোষণা দেন।
তার ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত মক্কা ছাড়া দেশটির অন্যত্র কারফিউ শিথিল করা হবে। এ সময় সব ধরনের দোকানপাট, শপিংমল, কফিশপ তথা খোলা রাখা যাবে। তবে সেলুন, বিউটি পার্লার, জিম এবং কমিউনিটি সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে।
সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ফলে দেশটির নাগরিক ও প্রবাসীরা প্রয়োজনীয় জিনিস সংগ্রহে বাইরে যেতে পারবেন।
তবে নতুন এই সিদ্ধান্তের আওতায় পড়বে না মক্কা নগরী। সেখানে কারফিউ আগের মতোই ২৪ ঘণ্টা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, দেশটির অন্যান্য শহর বা এলাকার তুলনায় মক্কায় করোনা সংক্রমণের হার বেশি। আর সে কারণেই মক্কায় কারফিউ শিথিল করা হয়নি।
মার্কিন গণনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, সৌদি আরবে এ পর্যন্ত ১৬ হাজার ২৯৯ জন কোডিভ-১৯ আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১৩৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২ হাজার ২১৫ জন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর