আদালতের রায় উপেক্ষা করে সাগরে যুক্তরাষ্ট্রের খনিজ ইজারা
পরিবেশ সুরক্ষা আইন লঙ্ঘনের বিষয়ে আদালতের স্পষ্ট রায় উপেক্ষা করে মার্কিন সামোয়ায় গভীর সমুদ্রের প্রথম খনিজ ইজারা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আয়োজিত এই নিলাম থেকে সর্বোচ্চ ৬০ লাখ ডলার দর উঠেছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসী এবং পরিবেশবাদী সংগঠনগুলোর তীব্র বিরোধিতার মুখেই এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে পাগো পাগোর ২৪১ থেকে ৩৮৬ কিলোমিটার পূর্বে অবস্থিত প্রায় ১ কোটি ২৭ লাখ হেক্টর (৩ কোটি ১৫ লাখ একর) ফেডারেল সমুদ্র তলদেশের দুটি এলাকা অন্তর্ভুক্ত ছিল।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি এলাকায় ৩০ লাখ ডলার করে মোট ৬০ লাখ ডলারের দর জমা পড়ে। সেখানে একমাত্র দরদাতা ছিল ওয়েটস্টোন ইউএস ভেঞ্চারস।
হাওয়াইয়ের একটি ফেডারেল আদালত চলতি সপ্তাহের শুরুর দিকে প্রকল্পটির পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছিলেন। বিপন্ন ও হুমকির মুখে থাকা প্রজাতির ওপর সম্ভাব্য প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে উল্লেখ করে ওই রায় দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ উপেক্ষা করেই নিলামটি এগিয়ে নেওয়া হয়েছে।
বিচারক জিল ওতাকে তার রায়ে লেখেন, বিপন্ন প্রজাতি আইনের (ইএসএ) আওতায় সুরক্ষিত প্রাণীদের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করার সামান্যতম চেষ্টাও করেনি ন্যাশনাল মেরিন ফিশারিজ সার্ভিস।
আদালতের এমন সিদ্ধান্তের পর সমুদ্র তলদেশে খনিজ সম্পদ আহরণে প্রশাসনের উদ্যোগ নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা সতর্ক করে বলছেন, এই বিক্রি প্রশান্ত মহাসাগরজুড়ে ভবিষ্যৎ খনি প্রকল্পগুলোর জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে।
গুয়ামের সিনেটর উইলিয়াম পারকিনসন বলেন, ‘আপনারা প্রথমে আমাদের সমুদ্র বিক্রি করে দেবেন আর পরে তা বৈধ কি না সেই প্রশ্ন তুলবেন, এমনটা হতে পারে না। ওয়াশিংটনকে বুঝতে হবে প্রশান্ত মহাসাগর বিক্রির জন্য নয়।’ তিনি আরও মন্তব্য করেন, সমুদ্রকে বাণিজ্যিক পণ্য এবং প্রশান্ত মহাসাগরীয় বাসিন্দাদের গুরুত্বহীন ভাবার মাধ্যমে প্রশাসনের অহংকার ও দায়িত্বহীনতা প্রকাশ পেয়েছে।
তবে নিলামের পক্ষে যুক্তি তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এটি যুক্তরাষ্ট্রের খনিজ নিরাপত্তা জোরদার এবং বিদেশি সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর একটি বড় পদক্ষেপ।
স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম বলেন, ‘প্রশান্ত মহাসাগরে গুরুত্বপূর্ণ অফশোর খনিজের জন্য যুক্তরাষ্ট্রের এটাই প্রথম ইজারা নিলাম এবং এটি আমেরিকার জ্বালানি ও খনিজ নিরাপত্তার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ।’
অন্যদিকে পরিবেশ বিষয়ক আইনি সংস্থা আর্থজাস্টিস জানিয়েছে, আদালতের সিদ্ধান্তের পরও এই নিলাম বেআইনিভাবে পরিচালিত হয়েছে এবং তারা এই ইজারাকে চ্যালেঞ্জ করবে। সংস্থাটির সমুদ্র বিষয়ক আইনজীবী ক্রিস ইটন বলেন, ‘আজকের এই বিক্রি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসন মূলত এক বেপরোয়া ও বেআইনি কাজ করেছে।’
সংস্থাটি জানায়, তারা ইজারা বাতিলের দাবিতে আইনি পদক্ষেপ নেবে। কারণ গভীর সমুদ্রে খননের ফলে ব্যাপকভাবে অনাবিষ্কৃত সামুদ্রিক বাস্তুতন্ত্রের নজিরবিহীন ক্ষতি হতে পারে।
প্রাথমিক অবস্থায় এই ইজারার মেয়াদ ২০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে ইজারা পেলেই তাৎক্ষণিকভাবে খননের অনুমতি পাওয়া যাবে না। ভবিষ্যতে যেকোনো অনুসন্ধান, পরীক্ষা বা বাণিজ্যিক উত্তোলনের জন্য নতুন করে পরিবেশগত পর্যালোচনা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.