২০০ টাকায় বিসিএসআইআর-এর টেস্ট কিট
- Details
- by নিজস্ব প্রতিবেদক
কোভিড-১৯ টেস্টের জন্য বিশেষ কিট তৈরি করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। এর নাম ভিটিএম (ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া)। ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কিটের মাধ্যমে নমুনা ৪ দিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। সেক্ষেত্রে অন্যান্য কিটের মতো সংরক্ষণের অভাবে নমুনা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। তাই এর ফলাফলও হবে অন্য কিটের চেয়ে নিখুঁত।

সবচেয়ে বড় কথা, এটি অনেক সাশ্রয়ী। প্রত্যেকটি কিটের দাম পড়বে মাত্র ২০০ থেকে ২৫০ টাকা। বর্তমানে বিদেশ থেকে যেসব কিট আমদানি করা হয় সেগুলোর দাম পড়ে ৪৩০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত।
বিসিএসআইআর এর অঙ্গপ্রতিষ্ঠান ডিআরআইসিএম এই কিট তৈরি করেছে। নেতৃত্বে ছিলেন ডিআরআইসিএমের পরিচালক ড. মালা খান। ১২ সদস্যের এই গবেষক দলের মধ্যে চারজন বিজ্ঞানীও ছিলেন। গতকাল মঙ্গলবার ৫ হাজার কিট তুলে দেওয়া হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. নাসিমা সুলতানার হাতে। আজ বুধবার (২৭ মে) অধিদপ্তর থেকে বিসিএসআইআরকে জানানো হয়েছে, এই কিট দিয়ে পরীক্ষা করে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। অধিদপ্তর আরো কিট চাইছে।

গবেষক দলের নেতৃত্বে থাকা ড. মালা খান বলেন, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এই কিট তৈরি করা হয়েছে। অন্যান্য কিটে অনেক সময় নমুনা নষ্ট হয়ে যাওয়ায় আবার সংগ্রহ করতে হয়, আমাদের তৈরি ভিটিএমে সেই আশঙ্কা নেই। প্রতিদিন এমন ৫ হাজার কিট তৈরি করার সক্ষমতা রয়েছে আমাদের।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর