কে এই মোজতবা খামেনি, কী তার রাজনৈতিক পরিচয়?
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন ও ইসরায়েলি নৃশংস বিমান হামলায় বাবা নিহত হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। দেশটির প্রভাবশালী অথচ নিভৃতচারী এই ধর্মীয় নেতা এর আগে কখনো সরকারি বা নির্বাহী পদে দায়িত্ব পালন করেননি। তবে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই তাকে এই পদে বসানো হয়েছে বলে জানা গেছে।

৫৬ বছর বয়সী এই নেতাকে নির্বাচন করেছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ। ৮৮ সদস্যের এই পর্ষদ সংবিধান অনুযায়ী দেশের শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতা নিয়োগের দায়িত্ব পালন করে। বাবার উত্তরসূরি হিসেবে তাকে বেছে নেওয়ার বিষয়টি বংশানুক্রমিক ক্ষমতা হস্তান্তর নয়, বরং প্রতিষ্ঠিত সাংবিধানিক নিয়মেই হয়েছে। যদিও আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে হওয়ার কারণে দীর্ঘকাল ধরেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এই নিয়োগের মধ্য দিয়ে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি। এমন এক সময়ে তিনি নেতৃত্ব গ্রহণ করলেন, যখন ওই অঞ্চলে তীব্র সংঘাত ও দেশের অভ্যন্তরে অনিশ্চয়তা বিরাজ করছে।
মোজতবা ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের অন্যতম প্রধান ধর্মীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে এবং ধর্মীয় নেতা সাইয়্যেদ জাভাদ খামেনির নাতি। রাজনৈতিক আবহে বেড়ে ওঠা মোজতবা দেখেছেন কীভাবে তার বাবা ইসলামি বিপ্লবের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে উঠে আসেন এবং পরবর্তীতে প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।
তিনি বিয়ে করেন ইরানের বিশিষ্ট রক্ষণশীল রাজনীতিক ও সাবেক স্পিকার গোলাম-আলি হাদ্দাদ-আদেলের মেয়ে জাহরা হাদ্দাদ-আদেলকে। সম্প্রতি রাজধানী তেহরানে খামেনি পরিবারের বাসভবনে চালানো মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে জাহরাও ছিলেন। ওই হামলায় মোজতবা প্রাণে বেঁচে গেলেও তার মা, বোন, ভগ্নিপতি ও ভাগনেরা নিহত হন।
ইরানের অন্যান্য ধর্মীয় নেতাদের মতো মোজতবাও কওম শহরে তার ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। এই শহরটি শিয়া ধর্মতত্ত্ব শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। সেখানে তিনি আয়াতুল্লাহ মাহমুদ হাশেমি শাহরুদি, আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গোলপায়েগানি এবং মোহাম্মদ-তাকি মেসবাহ-ইয়াজদির মতো বিশিষ্ট রক্ষণশীল পণ্ডিতদের কাছে ইসলামি আইনশাস্ত্র ও ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন। ইরানি বিশ্লেষকদের মতে, মোজতবা তার কর্মজীবনের বড় একটি সময় কওম শহরের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা করে কাটিয়েছেন। সেখানে তিনি ‘দারস-ই খারেজ’ নামে পরিচিত উচ্চতর আইনশাস্ত্রের ক্লাস নিতেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রায়ই মোজতবাকে এমন একজন রহস্যময় ব্যক্তি হিসেবে তুলে ধরে, যিনি পর্দার আড়াল থেকে প্রভাব বিস্তার করেন। জনসমক্ষে তার উপস্থিতি খুবই সীমিত, যা এই ধারণাকে আরও জোরালো করে। তার কোনো বড় ধরনের প্রকাশ্য ভাষণ, সাক্ষাৎকার বা রাজনৈতিক ইশতেহার নেই। তবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন বা তিনি কোন প্রার্থীকে সমর্থন করতে পারেন, এমন আলোচনায় প্রায়ই তার নাম উঠে আসত। এরপরও মোজতবা নিজে খুব কমই প্রকাশ্য রাজনৈতিক বিতর্কে অংশ নিয়েছেন। চলতি বছরের শুরুতে সরকারপন্থী এক সমাবেশে তাকে শেষবারের মতো জনসমক্ষে দেখা গিয়েছিল।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৮০-এর দশকের শেষের দিকে যখন তার বাবা প্রেসিডেন্ট ছিলেন, তখন মোজতবা ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। আধুনিক ইরানের ইতিহাসের অন্যতম অস্থির এক সময়ে নেতৃত্বের ভার গ্রহণ করছেন মোজতবা খামেনি। এই ক্ষমতার পালাবদল এমন এক সময়ে ঘটছে, যখন ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। খামেনির উত্তরসূরি হিসেবে যাকে নির্বাচিত করা হবে, তাকেই হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি নেতারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা এগিয়ে নিতে, যুক্তরাষ্ট্রসহ স্বাধীন বিশ্বকে হুমকি দিতে এবং ইরানি জনগণকে দমন করতে ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা যে নেতাকেই বেছে নিক না কেন, সে নিশ্চিতভাবেই আমাদের গুপ্তহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হবে, তার নাম যা-ই হোক বা সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন।’
এই হুমকিগুলো ক্ষমতার পালাবদলের চারপাশের অস্বাভাবিক চাপকে স্পষ্ট করে তোলে, যা মোজতবাকে এমন এক ভূ-রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে স্থাপন করেছে, যার বিস্তৃতি ইরানের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.