আপনি পড়ছেন

জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলিদের প্রতিদিনের হামলার সময়সীমা বৃদ্ধিকে একটি ‘পরিকল্পিত উসকানি’ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিন। পবিত্র এই স্থানটিতে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়া এবং সময়ের বিভাজনকে পাকাপোক্ত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের। দীর্ঘ বন্ধ থাকার পর মসজিদটি পুনরায় খুলে দেওয়ার প্রথম দিনেই এই ঘটনা ঘটে।

আল-আকসা মসজিদে অভিযানের সময় বাড়ানো ‘পরিকল্পিত উসকানি’, বলছে ফিলিস্তিন
আল-আকসা মসজিদ

বৃহস্পতিবার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর কড়া নিরাপত্তায় দখলদাররা আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ঢুকে গানবাজনা ও তালমুদীয় প্রার্থনা করার পাশাপাশি ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে নাম প্রকাশ না করার শর্তে জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ও বিকেলে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মোট ৪৪৮ জন ইসরায়েলি দখলদার অনুপ্রবেশ করে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মসজিদটি বন্ধ ছিল। এরপর পুনরায় খুলে দেওয়ার প্রথম দিনেই এই অনুপ্রবেশের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত জেরুজালেমে ইসরায়েলি কর্তৃপক্ষের নেওয়া সব পদক্ষেপ অবৈধ এবং বাতিলযোগ্য। হামলার পরিধি বৃদ্ধি এবং তা সংগঠিত করা আন্তর্জাতিক আইন ও এ সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাবনার গুরুতর লঙ্ঘন।

মন্ত্রণালয় জোর দিয়ে জানায়, জেরুজালেমের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। বরং এই সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্রের এবং ১৪৪ দুনাম আয়তনের আল-আকসা মসজিদ শুধুমাত্র মুসলমানদের উপাসনার স্থান।

স্থানটির ঐতিহাসিক ও আইনগত স্থিতিশীলতা পরিবর্তন বা স্থান ও সময়ের কোনো বিভাজন চাপিয়ে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। এই উসকানি এবং এর পরিণতির জন্য ইসরায়েল সরকারকে সম্পূর্ণ দায়ী করে আল-আকসা মসজিদে সব ধরনের হামলা ও লঙ্ঘন অবিলম্বে বন্ধের পাশাপাশি মুসল্লিদের প্রবেশাধিকারের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।

অধিকৃত জেরুজালেমে ইসলামি ও খ্রিষ্টানদের পবিত্র স্থানগুলো রক্ষায় এবং লঙ্ঘন থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বিশেষ করে আগামী রোববার পবিত্র ভূমিতে অর্থোডক্স ফিলিস্তিনি খ্রিষ্টানদের ইস্টার উদযাপনের প্রস্তুতির মুহূর্তে এই আহ্বান জানানো হলো।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অভূতপূর্বভাবে সময়সীমা বাড়ানোর মধ্য দিয়ে এই হামলাগুলো চালানো হয়েছে।

সংস্থাটি জানায়, প্রথম হামলার সময়সীমা এখন সকাল ৭টার বদলে সকাল সাড়ে ৬টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে। অন্যদিকে দ্বিতীয় সময়সীমা দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যার ফলে প্রতিদিন মোট সাড়ে ছয় ঘণ্টা ধরে এই অনুপ্রবেশ চলছে।

এর আগে বুধবার ইসরায়েল ঘোষণা করেছিল যে, তারা বৃহস্পতিবার সকাল থেকে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালকার পুনরায় খুলে দেবে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় নিরাপত্তার কারণ দেখিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে স্থান দুটি বন্ধ রেখেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। এমনকি ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর এবারই প্রথম আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেওয়া হয়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.