আপনি পড়ছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালাহে দীর্ঘ ২২ বছর পর প্রথমবারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গাজার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আঞ্চলিক পরিচালক জামিল আল-খালদি জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

২২ বছর পর গাজার দেইর আল-বালাহে হতে যাচ্ছে প্রথম পৌর নির্বাচন
ম্যাপে গাজা উপত্যকার অবস্থান

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুকে জামিল আল-খালদি জানান, নির্বাচনের দিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটারদের ভোটগ্রহণের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে। ভোটারদের সুবিধার্থে শহরজুড়ে ১২টি ভোটকেন্দ্রের অধীনে ১০০টি বুথ স্থাপন করা হবে বলে তিনি জানান।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলের চালানো বর্বরোচিত গণহত্যার পরও গাজার অন্যান্য অংশের তুলনায় দেইর আল-বালাহ তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হওয়ায় এই শহরটিকে ভোটের জন্য বেছে নেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। একইসঙ্গে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

আল-খালদি জানান, ব্যালটে চারটি প্রতিযোগী নির্বাচনী তালিকা থাকবে, যেখান থেকে ভোটারদের একটি তালিকা বেছে নিতে হবে এবং ওই তালিকার মধ্য থেকে সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে নির্বাচন করতে হবে।

ব্যাপকভাবে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোটারদের উচ্চ উপস্থিতি ফলাফলের বিশ্বাসযোগ্যতা বাড়ায়।’ এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, উপযুক্ত ভবনের অভাবসহ বেশ কিছু লজিস্টিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ কমিশন সফলভাবে মোকাবিলা করেছে। এর অংশ হিসেবে ১২টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টি খোলা জায়গায় স্থাপন করা হবে এবং সেগুলোকে অস্থায়ী ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য তাঁবু টানানো হবে। তিনি আরও বলেন, ‘ইউএনডিপি-এর সহযোগিতায় এসব তাঁবু সরবরাহ করা হয়েছে।’

নিরাপত্তা বিষয়ে আল-খালদি জানান, দেইর আল-বালাহতে ভোটগ্রহণের নিরাপত্তার পুরো দায়িত্ব ফিলিস্তিনি পুলিশের ওপর ন্যস্ত থাকবে। তারা ভোটকেন্দ্র পাহারা দেবে এবং ব্যালট বাক্স পরিবহনের তদারকি করবে। অন্যান্য কর্তৃপক্ষ কেবল লজিস্টিক কাজে সহায়তা করবে বলে তিনি জানান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরাসরি নিরাপত্তা হস্তক্ষেপ এড়িয়ে চলার ওপরও তিনি জোর দেন।

প্রস্তুতির অংশ হিসেবে কমিশন ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। এর মধ্যে ডিজিটাল প্রচারণার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মীরা তথ্যমূলক উপকরণ বিতরণ এবং ভোট দেওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন। তিনি জানান, নির্বাচনের আগের দিন নীরবতা পালনের সময় ভোটারদের উৎসাহিত করতে ভ্রাম্যমাণ মাইক ব্যবহার করা হবে।

সব ধরনের ব্যবস্থা ‘সর্বোচ্চ মাত্রায়’ সম্পন্ন হয়েছে উল্লেখ করে আল-খালদি আশা প্রকাশ করেন, এই ভোট গাজায় স্থানীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

ফিলিস্তিনে মোট ৪৪৫টি স্থানীয় কর্তৃপক্ষ রয়েছে, যার মধ্যে পশ্চিম তীরে ৪২০টি এবং গাজায় ২৫টি। এর মধ্যে ১৬১টি পৌর কাউন্সিল এবং ২৮৪টি স্থানীয় কাউন্সিল রয়েছে।

২০২৫ সালের ৩ নভেম্বর ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌর কাউন্সিলগুলোর চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন না হওয়া পর্যন্ত ২০২৫ সালের ১১ ডিসেম্বর থেকে সেগুলোকে তত্ত্বাবধায়ক সংস্থায় রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ২০২১ সালে পশ্চিম তীরে দুই ধাপে সর্বশেষ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে রাজনৈতিক বিভাজন এবং হামাসের সঙ্গে বিরোধের কারণ দেখিয়ে গাজার নির্বাচন স্থগিত করেছিল মন্ত্রিসভা। ২০০৭ সাল থেকে ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গন বিভক্ত রয়েছে। গাজা নিয়ন্ত্রণ করছে হামাস এবং মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ও ফাতাহ পরিচালিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরের শাসনভার পরিচালনা করছে। বছরের পর বছর ধরে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে বারবার সমঝোতা আলোচনা হলেও এই বিভাজন অবসানে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.