আপনি পড়ছেন

আইনি ও আর্থিক মাধ্যমে যুদ্ধ ক্ষতিপূরণ আদায়ের প্রচেষ্টা ব্যর্থ হলে ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ক্ষতিপূরণ আদায়ে তেহরান বহুমুখী কৌশল অনুসরণ করছে। ইরানের পার্লামেন্টের প্রেসিডিং বোর্ডের সদস্য আলিরেজা সালিমি এই তথ্য জানান।

ক্ষতিপূরণ আদায়ে তিন ধাপের আইনি পথে হাঁটছে ইরান
ইরানের পতাকা

পার্লামেন্ট সংশ্লিষ্ট আইসিএএনএ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সালিমি জানান, অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ তাদের অন্যতম প্রধান দাবি। তবে ইরানের এই পদক্ষেপ শুধু আর্থিক দাবির মধ্যেই সীমাবদ্ধ নয়।

তিনি তিন ধাপের একটি পরিকল্পনার কথা তুলে ধরেন। এর শুরুতেই ‘হামলাকারীকে’ জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই প্রচেষ্টাগুলো যদি অকার্যকর প্রমাণিত হয়, তবে দায়ী পক্ষগুলোর সঙ্গে যুক্ত সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবে ইরান।

তিনি বলেন, ‘চূড়ান্ত পদক্ষেপ হিসেবে আইনি ব্যবস্থা বা সম্পদ উদ্ধার কোনোটিই ফলপ্রসূ না হলে, সমপরিমাণ মূল্য চোকাতে ইরান পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।’

সালিমি আরও জানান, অনুমোদন ছাড়া সার্বভৌমত্ব লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক আইনের অধীনে যুক্তরাষ্ট্রকে ‘বৈরী রাষ্ট্র’ হিসেবে বিবেচনা করা উচিত। যেসব দেশ হামলার জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে, তাদেরও সহযোগী হিসেবে বিবেচনা করে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে পারস্য উপসাগরে সামুদ্রিক অবরোধ বা বিধিনিষেধ আরোপের যেকোনো চেষ্টা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পারস্য উপসাগরীয় জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক দেশগুলোর স্বার্থ এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থি এবং তা ব্যর্থ হতে বাধ্য।’

তিনি জানান, পার্লামেন্টের বিচার বিভাগীয় কমিশনের পর্যালোচনার পর এই পদক্ষেপগুলো মোকাবিলায় একটি আইনি পরিকল্পনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল ও মার্কিন সম্পদ থাকা অন্যান্য আঞ্চলিক দেশগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরুর আগে এই সংঘাতে তিন হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনায় ক্ষতিপূরণের দাবিটি মতবিরোধের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান একে যেকোনো চুক্তির প্রধান শর্ত হিসেবে বর্ণনা করেছে। তবে ইসলামাবাদের প্রাথমিক দফার আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।

যুদ্ধবিরতির মেয়াদ মূলত ২২ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে এককভাবে এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.