আপনি পড়ছেন

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম দখলকৃত ভূখণ্ডের ‘প্রতিটি ইঞ্চি’ পুনরুদ্ধার এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি চলমান তীব্র অর্থনৈতিক সংকট ও সংঘাতের মধ্যে থাকা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ওপর জোর দিয়েছেন। শুক্রবার (১ মে) শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

লেবাননের ভূখণ্ড ও অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
নাওয়াফ সালাম

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে নাওয়াফ সালাম লেবাননের সব শ্রমিকের উদ্দেশে কথা বলেন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটে তাদের দুর্দশার কথা স্বীকার করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘চাকরি হারানো এবং ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে দৈনন্দিন যে তীব্র চাপের মধ্যে আপনাদের জীবন পার করতে হচ্ছে, আমি সেই কষ্টের মাত্রা বুঝতে পারছি।’

সরকার জীবনমান উন্নয়ন, দখলকৃত ভূমি পুনরুদ্ধার এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আপনাদের জীবনমান উন্নত করতে, আমাদের দখলকৃত ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি পুনরুদ্ধার করতে এবং সংস্কার প্রচেষ্টা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আমাদের আন্তরিক কাজ অব্যাহত রাখব।’

বিশ্বব্যাংকের মতে, ২০১৯ সাল থেকে লেবানন আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ আর্থিক পতনের মধ্য দিয়ে যাচ্ছে। লেবাননের মুদ্রার মান ৯৮ শতাংশেরও বেশি কমে গেছে, যেখানে প্রতি ডলারের বিপরীতে মুদ্রার মান প্রায় ১ হাজার ৫০০ থেকে দুর্বল হয়ে ৯০ হাজারে নেমেছে। নাওয়াফ সালাম জানান, সরকার দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দেশটিকে প্রকৃত পুনরুদ্ধারের পথে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

সম্প্রতি ইসরায়েলি হামলা ও ব্যাপক বাস্তুচ্যুতির কারণে লেবাননের অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে। বুধবার খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচির এক আপডেটে জানানো হয়, ২০২৬ সালের এপ্রিল থেকে আগস্টের মধ্যে প্রায় ১২ লাখ ৪০ হাজার মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হতে পারে। মার্চের শুরু থেকে ক্রমবর্ধমান সহিংসতা এবং বাস্তুচ্যুতির কারণে খাদ্য পরিস্থিতির এই চরম অবনতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরান যুদ্ধের জেরে হিজবুল্লাহর পাল্টা জবাবের পর গত ২ মার্চ থেকে লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০ মানুষ নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত ১৭ এপ্রিল শুরু হওয়া ১০ দিনের যুদ্ধবিরতি পরে ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়। তবে ইসরায়েল প্রতিদিন দক্ষিণ লেবাননে বিমান হামলা ও ঘরবাড়ি ধ্বংসের মাধ্যমে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে।

গত এপ্রিলে ইসরায়েলি সেনাবাহিনী লিতানি নদীর দক্ষিণে ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা আরোপের ঘোষণা দেয়। এটি মূলত গাজার আদলে সীমান্ত পর্যন্ত বিস্তৃত একটি কাল্পনিক রেখা, যাকে ‘নিরাপত্তা বাফার জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসরায়েল জানায়, বাস্তুচ্যুত বাসিন্দাদের ফিরে আসা ঠেকাতে এবং যেকোনো সশস্ত্র কার্যক্রমকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যেই এই জোন তৈরি করা হয়েছে। এলাকাটিকে তারা এমন একটি ‘কমব্যাট জোন’ বা লড়াইয়ের এলাকা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে, যা কোনো যুদ্ধবিরতি চুক্তির আওতাভুক্ত নয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.