আরব-সমর্থিত সরকার ৭ অক্টোবরের ঘটনার চেয়েও ‘ভয়াবহ’: ইসরায়েলি অর্থমন্ত্রীর মন্তব্যে তোলপাড়
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলে আরব আইনপ্রণেতাদের সমর্থন নিয়ে সরকার গঠন করাকে ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার চেয়েও ‘খারাপ’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সম্প্রতি জনমত জরিপে দেখা গেছে, আরব দলগুলোর সমর্থন ছাড়া ইসরায়েলের প্রধান বিরোধী জোট সরকার গঠন করতে ব্যর্থ হতে পারে। এমন পরিস্থিতির মাঝেই তার এই মন্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

আগাম নির্বাচন ডাকা না হলে চলতি বছরের অক্টোবরে ইসরায়েলের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জরিপগুলোতে দেখা গেছে, বর্তমানে নির্বাচন হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট প্রায় ৫০টি আসন, বিরোধী জোট প্রায় ৬০টি এবং আরব দলগুলো প্রায় ১০টি আসন পেতে পারে। ১২০ আসনের নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) সরকার গঠন করতে অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়।
স্থানীয় ১০৩ এফএম রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রেলিজিয়াস জায়োনিজম দলের নেতা স্মোট্রিচ বলেন, ‘মনসুর আব্বাসের সঙ্গে সরকার গঠন করা ৭ অক্টোবরের চেয়েও খারাপ।’ মূলত জোটের ফলাফল নির্ধারণে আরব দলগুলোর ভূমিকার দিকে ইঙ্গিত করেই তিনি এই মন্তব্য করেন।
মনসুর আব্বাস ইউনাইটেড আরব লিস্টের প্রধান এবং তিনি ২০২১ সালে নাফতালি বেনেট ও ইয়ার লাপিডের নেতৃত্বাধীন জোটকে সমর্থন করেছিলেন। ওই পদক্ষেপ নেতানিয়াহুকে নতুন সরকারি জোট গঠনে বাধা দিয়েছিল। এর জবাবে আব্বাস বলেন, ‘পরিবর্তনশীল সরকারের (২০২১ সালের জোট সরকার) সবচেয়ে খারাপ দিনটিও স্মোট্রিচ যে বিপর্যয়কর সরকারের অংশ, তার চেয়ে হাজার গুণ ভালো ছিল।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের সব চরমপন্থির মতো মানুষের জীবনের প্রতি সম্মান না দেখানো এই চরমপন্থি সরকারটিকে আমরা শিগগিরই পরিবর্তন করব।’
স্মোট্রিচের মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক ও সংবাদমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাবেক সেনাপ্রধান ও বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট স্মোট্রিচকে তিরস্কার করে বলেন, ‘যাদের প্রতিনিধিত্ব করার জন্য আপনি নির্বাচিত হয়েছেন, আপনি তাদের জন্য একটি কলঙ্ক।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা যদি বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের সতর্কবার্তা শুনতেন, তবে আপনাদের মতো একটি ব্যর্থ সরকারও এই বিপর্যয় রোধ করতে পারত।’
তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালনে চরম ব্যর্থতা ও অবহেলা ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব এবং ৭ অক্টোবরের সরকারের গায়ে চিরকালের মতো এমন এক দাগ লাগিয়ে দিয়েছে, যা কখনোই মুছে যাবে না।’
ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ার গোলান বলেন, স্মোট্রিচের মন্তব্য প্রমাণ করে যে তিনি নাগরিকদের জীবনের চেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখাকেই বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, ‘তার (স্মোট্রিচ) দৃষ্টিকোণ থেকে, তাকে ছাড়া সরকার গঠনের চেয়ে বরং তিনি ইসরায়েলি জনগণের ধ্বংস দেখতে পছন্দ করবেন। আর এটাই সত্য যে, নাগরিকদের জীবনের চেয়ে তার কাছে সরকারের টিকে থাকা বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আমরা শিগগিরই তাদের সরিয়ে দেব এবং ৭ অক্টোবরের ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করব।’
দৈনিক মারিভ পত্রিকার কলামিস্ট বেন ক্যাসপিট এক্সে দেওয়া এক বার্তায় দাবি করেন, স্মোট্রিচের এই বক্তব্য কোনো সম্পাদকীয় ভুল নয়, বরং এটি তার প্রকৃত অবস্থান। তিনি বলেন, ‘একজন স্বাভাবিক ও যুক্তিবাদী রাজনীতিক হিসেবে স্মোট্রিচ যে ভাবমূর্তি তুলে ধরেন, তা একটি মুখোশ ছাড়া আর কিছুই নয়।’
তিনি আরও বলেন, ‘আসল স্মোট্রিচ বিশ্বাস করেন যে, একটি পরিবর্তনশীল সরকার গঠন করা ৭ অক্টোবরের ঘটনার চেয়েও বেশি খারাপ।’
ক্রমবর্ধমান সমালোচনার মুখে স্মোট্রিচ তার মন্তব্যের পক্ষে সাফাই গেয়েছেন এবং রাজনৈতিক ফায়দা লুটতে সমালোচকরা তার কথা বিকৃত করছেন বলে অভিযোগ করেছেন। তিনি এক্সে লিখেছেন, ‘আপনাদের নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই, বরং আমার কথা বিকৃত করার কারণে অনেকেই যে কষ্ট পাচ্ছেন, সেটাই আমাকে বেশি পীড়া দিচ্ছে।’
সংবাদমাধ্যমের সমালোচনা করে স্মোট্রিচ লিখেছেন, তার কথা বিকৃত করার এবং হামলার গুরুত্ব কমানোর অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গত মাসে টুগেদার পার্টির নেতা বেনেট এবং লাপিডও পার্লামেন্টের আরব সদস্যদের নিয়ে জোট গঠনের বিরুদ্ধে প্রায় একই ধরনের অবস্থান জানিয়েছিলেন। তাদের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে ৮০টিরও বেশি আরব ও ইহুদি শান্তি সংগঠন।
এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো জোর দিয়ে জানিয়েছে, এই ধরনের দৃষ্টিভঙ্গি কেবল একটি নৈতিক সমস্যাই নয়, বরং এটি একটি কৌশলগত ভুল। তারা উল্লেখ করেন, ‘আরবরা যেকোনো ভবিষ্যৎ সমাধানের অবিচ্ছেদ্য অংশ।’ একই সঙ্গে তারা নিশ্চিত করেছে যে, ইসরায়েলের ভেতরের আরব সম্প্রদায়কে বাদ দিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা অর্জন করা সম্ভব নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.