আপনি পড়ছেন

গাজা উপত্যকা থেকে আগামী সাত বছরে প্রায় ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়ার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী দল ‘ইহুদি পাওয়ার’-এর নেতা ও দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গভির। বৃহস্পতিবার তিনি তার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরবেন।

গাজা থেকে ১৮ লাখ ফিলিস্তিনি তাড়ানোর পরিকল্পনা বেন-গভিরের
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গভির

ইসরায়েলি দৈনিক পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বেন-গভির জনগণের সামনে ‘ডিসএনগেজমেন্ট ৭১০’ নামের একটি পরিকল্পনা তুলে ধরবেন, যা মূলত গাজা থেকে তথাকথিত ‘স্বেচ্ছায় স্থানান্তর’-এর ধারণার ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই পরিকল্পনার লক্ষ্য অনুযায়ী কার্যক্রমের প্রথম বছরে ২ লাখ ৫০ হাজার, তিন বছরের মধ্যে ১১ লাখ ১০ হাজার এবং সাত বছরের মধ্যে প্রায় ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে গাজা থেকে সরিয়ে নেওয়া হবে।

কয়েক মাস ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ করার পর বেন-গভির এটিকে তার নির্বাচনি প্রচারণার অন্যতম প্রধান ইস্যু হিসেবে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, নির্বাচনের পর ইসরায়েলের পরবর্তী সরকারে যোগদানের যেকোনো রাজনৈতিক সমঝোতায় এই উদ্যোগটি বাস্তবায়ন করাকে প্রধান শর্ত হিসেবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বেন-গভিরের দল ইহুদি পাওয়ার।

পরিকল্পনাটির আওতায় গাজা ছেড়ে যাওয়া প্রতিটি ব্যক্তি বা পরিবারের জন্য একটি নির্দিষ্ট গন্তব্য দেশ নির্ধারণসহ তাদের আইনি মর্যাদা, প্রয়োজনীয় নথিপত্র, ভিসা, ভ্রমণ ব্যয় এবং প্রাথমিক বাসস্থানের সংস্থান করার কথা বলা হয়েছে। এছাড়া এতে পেশাগত প্রশিক্ষণ, কর্মসংস্থান সুবিধা এবং সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের প্রস্তাবও রাখা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পুরো পরিকল্পনাটি ১২টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে তথাকথিত ‘স্বেচ্ছায় প্রস্থান’ এবং ‘কোনো দেশ ফিলিস্তিনিদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে ও আইনি মর্যাদা দিতে সম্মত না হওয়া পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না’—এমন শর্ত রয়েছে।

পরিকল্পনায় আরও প্রস্তাব করা হয়েছে, যেসব দেশ বা সংস্থা গাজা ত্যাগকারী ফিলিস্তিনিদের গ্রহণ করবে, তাদের কাজের অগ্রগতি, ব্যক্তিগত নিরাপত্তা যাচাই এবং বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের ওপর ভিত্তি করে নির্দিষ্ট হারে অর্থ প্রদান করা হবে।

একই সঙ্গে আবেদন জমা, অনুমোদন ও প্রস্থান সংক্রান্ত পরিসংখ্যানের ওপর মাসিক প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট ফিলিস্তিনিরা নতুন গন্তব্যের সমাজে কতটুকু খাপ খাইয়ে নিতে পারছেন ও এতে কী পরিমাণ ব্যয় হচ্ছে, তা নিয়মিত মূল্যায়নের বিধান রাখা হয়েছে।

পরিকল্পনাটি বাস্তবায়ন ও পরিচালনার জন্য প্রাথমিকভাবে ইসরায়েলের নিজস্ব তহবিল থেকে ১ হাজার কোটি শেকেল (প্রায় ৩১০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগের প্রয়োজন হবে। আন্তর্জাতিক মহলের অংশগ্রহণ এবং গন্তব্য দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে ইসরায়েলি অর্থায়নের পরিমাণ পরবর্তীতে ৫ হাজার কোটি শেকেল (প্রায় ১ হাজার ৫৬০ কোটি মার্কিন ডলার) পর্যন্ত উন্নীত করার রূপরেখা রয়েছে।

বর্তমানে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ২২ লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিক অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে বসবাস করছেন।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির বর্তমান ক্ষমতাসীন জোটকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে চরম ডানপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হয়।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় নির্বিচার ও নৃশংস আক্রমণ শুরু করে ইসরায়েল। টানা দুই বছর ধরে চলা এই বর্বরোচিত আগ্রাসনে সেখানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে। পরবর্তীতে ২০২৫ সালের ১০ অক্টোবর একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও নিয়ম লঙ্ঘন অব্যাহত রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.