জাপানে বিদেশিদের স্থায়ী বসবাসের ফি ২০ গুণ বাড়ল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জাপানে বসবাস করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য বিভিন্ন ফি বাড়িয়েছে দেশটির সরকার। এর মধ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতির আবেদন ফি ২০ গুণ বাড়িয়ে ২ লাখ ইয়েন করা হয়েছে, যা প্রায় ১ হাজার ২৭০ মার্কিন ডলার বা ৯৫৫ পাউন্ডের সমান। স্থায়ী বসবাসের অনুমতি পেতে আবেদনকারীদের এখন নতুন কিছু শর্তও পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট পরিমাণ আয়, পেনশন-সংক্রান্ত যোগ্যতা এবং জাপানি ভাষাজ্ঞানের শর্ত। খবর বিবিসির

ফি বাড়ানোর আগে চলতি সপ্তাহের শুরুতে দেশটির বিভিন্ন অভিবাসন কার্যালয়ের সামনে দীর্ঘ সারি দেখা যায়। বাড়তি ফি কার্যকর হওয়ার আগে আবেদন জমা দিতে অনেকেই ভিড় করেন। টোকিওর প্রধান অভিবাসন কার্যালয়ে অপেক্ষার সময় সাত ঘণ্টারও বেশি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকারের নেওয়া অভিবাসন নীতির ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে এসব ফি বাড়ানো হয়েছে। দ্রুত বাড়তে থাকা বিদেশি জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হচ্ছে।
এর আগে গত জুলাইয়ে সব বিদেশির জন্য ভিসা ফি পাঁচ গুণ বাড়িয়েছিল জাপান। ৫০ বছরের মধ্যে সেটিই ছিল দেশটির প্রথম ভিসা ফি বৃদ্ধি। কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়েই এই ফি বাড়ানো হয়েছে।
জাপানে অভিবাসন এখনো রাজনৈতিকভাবে স্পর্শকাতর ও নিয়ন্ত্রিত একটি বিষয়। তবে দেশটির বয়স্ক জনসংখ্যা বাড়তে থাকায় শ্রমিকের ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে।
২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা ৪১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৯ দশমিক ৫ শতাংশ বেশি, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। তবে বিদেশি জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অভিবাসন ও সামাজিক পরিবর্তন নিয়ে মানুষের উদ্বেগও বাড়ছে।
গত বছরের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী তাকাইচির অন্যতম প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে। স্থায়ী বসবাসের অনুমতির নতুন ফি কার্যকর হওয়ার কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাকাইচি লেখেন, জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা বাড়তে থাকায় ‘কিছু মানুষ উদ্বেগ বা বৈষম্যের অনুভূতি’ বোধ করতে পারেন, এ বিষয়টি তার সরকার স্বীকার করে।
তিনি লেখেন, ‘এসব উদ্বেগ মোকাবিলায় [সরকার] বিদেশি নাগরিকদের বিষয়ে তার নীতিগুলো সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ করছে, যাতে জাপানি নাগরিক ও বিদেশি বাসিন্দা উভয়েই নিরাপদ ও সুরক্ষিতভাবে বসবাস করতে পারেন।’
নতুন ফি কার্যকর হওয়ার আগে জাপানে স্থায়ী বাসিন্দা নন, এমন বিদেশিদের বসবাসের মর্যাদা পরিবর্তন বা অবস্থানের মেয়াদ বাড়ানোর প্রতিবারের আবেদনে ৬ হাজার ইয়েন ফি দিতে হতো। ১ অক্টোবর থেকে এই ফি অবস্থানের মেয়াদ অনুযায়ী নির্ধারিত হবে। তিন মাস বা তার কম সময়ের জন্য ফি ১০ হাজার ইয়েন থেকে শুরু হয়ে পাঁচ বছর বা তার বেশি মেয়াদের ক্ষেত্রে ৭৫ হাজার ইয়েন পর্যন্ত হবে।
আর্থিকভাবে অসচ্ছল আবেদনকারী এবং শরণার্থী হিসেবে স্বীকৃত ব্যক্তিদের জন্য ফিতে ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। স্থায়ী বসবাসের অনুমতি পেতে আগ্রহীদের এখন জাপানের গড় আয়ের সমান বা তার বেশি স্থিতিশীল আয় থাকতে হবে। গত জুলাইয়ে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জাপানে পরিবারের গড় আয় ছিল ৫৭ লাখ ৫০ হাজার ইয়েন।
আগামী বছরের এপ্রিল থেকে স্থায়ী বসবাসের আবেদনকারীদের জন্য শর্ত আরও কঠোর করা হবে। এর মধ্যে মৌলিক জাপানি ভাষাজ্ঞানের প্রমাণ দেওয়ার বিষয়টিও থাকবে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শর্তের কারণে জাপানি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং জাপানি ভাষা দক্ষতা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধনের সংখ্যা বেড়েছে।
এ ছাড়া আবেদনকারীদের ভবিষ্যতে যে পরিমাণ পেনশন পাওয়ার কথা, সেটিও বিবেচনায় নেওয়া হবে। তাদের প্রত্যাশিত পেনশন সুবিধা এমন একজন ব্যক্তির পেনশনের সমপরিমাণ হতে হবে, যিনি ৩০ বছর ধরে কর্মী পেনশন ব্যবস্থায় যুক্ত ছিলেন। তবে কারও প্রত্যাশিত পেনশন সুবিধা নির্ধারিত মাত্রার চেয়ে কম হলে তার আর্থিক সম্পদের মূল্যও বিবেচনায় নেওয়ার সুযোগ থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.