রাতভর হামলায় রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি অভিযোগ, নিহত ২
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার উভয় দেশ একে অপরের বিরুদ্ধে এই পাল্টাপাল্টি হামলার অভিযোগ তোলে।

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্কের গভর্নর ওলেকসান্দর হানঝা টেলিগ্রামে জানান, দিনিপ্রো শহরে রুশ হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং তিনজন আহত হন। জাপোরিঝিয়ার ভারপ্রাপ্ত গভর্নর মিখাইলো সেমিকিন জানান, তাদের অঞ্চলে রুশ হামলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। তিনি আরও জানান, হামলায় একটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়।
ভিনিতসিয়ার গভর্নর নাতালিয়া জাবোলোতনা জানান, তার অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শিল্প কারখানায় হামলা চালানো হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে তিনি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেও বিস্তারিত তথ্য দেননি। কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসন জানায়, ওই অঞ্চলের একটি প্রতিষ্ঠানের গুদামে আগুন লেগেছে এবং চারটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাতভর রাশিয়ার ছোড়া ১৫৮টি ড্রোনের মধ্যে ১৩১টি তারা ভূপাতিত করেছে। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কৃষ্ণসাগরে চলাচলরত একটি পণ্যবাহী জাহাজ এবং জাপোরিঝিয়া রেলস্টেশনের কাছে একটি রেল ইঞ্জিনে তাদের হামলা আঘাত হেনেছে। মস্কোর দাবি, এসব পরিবহন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে সহায়তার কাজে ব্যবহার করা হচ্ছিল।
রাশিয়ার ভেতরে হামলার বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টি অঞ্চলসহ কৃষ্ণসাগর, আজভ সাগর এবং ক্রিমিয়ার আকাশ থেকে ইউক্রেনের ১ হাজার ৩৩৬টি ড্রোন ভূপাতিত করেছে। রোস্তভের গভর্নর ইউরি স্লিওসার জানান, আজভ শহরে ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন এবং চারটি শিল্প কারখানায় আগুন লেগেছে।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের সেভারস্কি জেলার প্রধান আলেক্সি চেভেরেভ রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে জানান, তাদের এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। চেভেরেভ বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী শিশুসহ ছয়জন আহত হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, ইলস্কি এলাকার একটি শিল্প কারখানার চত্বরে আগুন লেগেছে।
এদিকে ২০১৪ সালে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্তকারী কের্চ ব্রিজে রাতভর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মস্কো নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ। এ ঘটনার পর দুপুর পর্যন্ত সেতুটিতে যান চলাচল সীমিত রাখা হয়। অন্যদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, রোববার দুপুর ১২টা থেকে সোমবার ভোর ৫টার মধ্যে প্রায় ৬০০টি ইউক্রেনীয় ড্রোন মস্কো অঞ্চলের দিকে অগ্রসর হয়। তিনি দাবি করেন, মস্কো শহরের কাছাকাছি পৌঁছানোর সময় ১৯১টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
উভয় দেশই বেসামরিক অবকাঠামোতে ইচ্ছাকৃতভাবে হামলার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, হামলাগুলো কেবল সামরিক লক্ষ্যবস্তু বা সামরিক তৎপরতার সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতেই চালানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা শেষ হওয়ার পরপরই এসব হামলার ঘটনা ঘটল। গত ফেব্রুয়ারির পর এটিই ছিল উভয় পক্ষের মধ্যে প্রথম আলোচনা। ওই বৈঠকে মূলত একটি বড় ধরনের বন্দিবিনিময়ের পরিকল্পনা নেওয়া হয়, যার বিস্তারিত বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে।
রোববার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, দূরপাল্লার হামলার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতার ৫৫ শতাংশেরও বেশি নিষ্ক্রিয় করে দিয়েছে। জেলেনস্কি বলেন, ‘সংঘাত হ্রাসে রাশিয়ার অস্বীকৃতি এবং আমাদের জ্বালানি অবকাঠামোতে তাদের হামলার বিরুদ্ধে এটি আমাদের যথার্থ জবাব।’
তবে চলমান যুদ্ধের কারণে রাশিয়া ও ইউক্রেন উভয়ের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.