আপনি পড়ছেন

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির জয় এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে বড় পতনের জেরে দেশটির শেয়ারবাজারে বড় উল্লম্ফন হয়েছে। বুধবার লেনদেন শেষে প্রধান সূচক ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ২০২৫ সালের এপ্রিলের পর একদিনে সর্বোচ্চ উত্থান দেখেছে।

মার্কিন শেয়ারবাজারে বড় উল্লম্ফন তেলের দরে ধস
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সম্মুখভাগ

এদিন ডাও জোন্স সূচক ১ হাজার ৫৬৯ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ০৩ শতাংশ বেড়ে ৫৩ হাজার ৩৫৬ দশমিক ১২ পয়েন্টে পৌঁছায়। সেপ্টেম্বরের পর এই প্রথম সূচকটি ৫৩ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়াল। একই দিনে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১১৯ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৭ হাজার ৬৮৮ দশমিক ৬২ পয়েন্ট এবং প্রযুক্তি খাতের নাসডাক কম্পোজিট সূচক ৩৬৪ দশমিক ৫০ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ২৫ হাজার ৭৩৬ দশমিক ৫১ পয়েন্টে পৌঁছে লেনদেন শেষ করে। এছাড়া ওয়াল স্ট্রিটের ভীতি পরিমাপক সিবিওই ভোলাটিলিটি সূচক ২০ দশমিক ২৬ শতাংশ কমে ১৬ দশমিক ৬১ পয়েন্টে নেমে আসে।

মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ডেমোক্র্যাটরা। এর মাধ্যমে আইনসভায় রিপাবলিকান পার্টির একক আধিপত্যের অবসান হলো। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়ের জন্য ওয়াশিংটনে এক বিভক্ত সরকারব্যবস্থা তৈরি হলো। এদিকে টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান গ্রেগ অ্যাবটকে পরাজিত করেন ডেমোক্র্যাটিক প্রার্থী জিনা হিনোজোসা। এর মধ্য দিয়ে তিন দশকেরও বেশি সময় পর অঙ্গরাজ্যটিতে রিপাবলিকানদের আধিপত্য শেষ হলো।

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ডেমোক্র্যাটদের সাথে কাজ করার প্রস্তুতি ব্যক্ত করায় দীর্ঘস্থায়ী রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা অনেকটাই কেটে গেছে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রিপাবলিকানদের এই পরাজয়ের পেছনে আংশিকভাবে ইরান যুদ্ধকে দায়ী করেন। এতে চলমান সংঘাত বন্ধে প্রশাসনের ওপর চাপ বৃদ্ধির ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিনিয়োগকারীদের ধারণা, নির্বাচনের এই ফল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য, রাজস্ব ও পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। বিশেষ করে ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছিল তা লাঘব হতে পারে। সংঘাতের কূটনৈতিক সমাধানের প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল প্রায় ৯৪ দশমিক ৬০ ডলারে নেমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম কমে দাঁড়িয়েছে প্রায় ৮৮ দশমিক ৬০ ডলারে।

জ্বালানি তেলের দাম কমায় মূল্যস্ফীতি হ্রাসের ইতিবাচক প্রভাব পড়েছে বিভিন্ন খাতের শেয়ারে। এদিন ওয়ালমার্টের শেয়ার প্রায় ৪ শতাংশ এবং ব্যাংক অব আমেরিকার শেয়ার প্রায় ৩ শতাংশ বেড়েছে। তবে ডেটা সেন্টারের পরিবেশগত প্রভাব নিয়ে ডেমোক্র্যাটরা কঠোর নজরদারি আনতে পারে এমন আশঙ্কায় কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারদর কিছুটা চাপে পড়ে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল এবং জ্বালানির দরপতনের ইতিবাচক প্রভাব দেখা গেছে ইউরোপের পুঁজিবাজারেও। বুধবার ইউরোপের বেঞ্চমার্ক স্টকস ইউরোপ ৬০০ সূচক ১ দশমিক ৮২ শতাংশ বেড়ে ৬৫৭ দশমিক ৪০ পয়েন্টে ওঠে। প্রধান ইউরোপীয় সূচকগুলোর মধ্যে স্পেনের আইবেক্স ৩৫ সূচক ৩ শতাংশ বেড়ে ১৯ হাজার ৩৭০ দশমিক ৯০ পয়েন্ট এবং জার্মানির ড্যাক্স ২ দশমিক ২২ শতাংশ বেড়ে ২৬ হাজার ৪৩৭ দশমিক ৬৭ পয়েন্টে পৌঁছায়। এছাড়া ইতালির এফটিএসই এমআইবি ২ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৫১ হাজার ৩১ দশমিক ০২ পয়েন্ট, ফ্রান্সের সিএসি ৪০ সূচক ১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৮ হাজার ১৭৭ দশমিক ৮৯ পয়েন্ট এবং যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ১ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ১০ হাজার ৮২৯ দশমিক ২১ পয়েন্টে অবস্থান নেয়। একই সময়ে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর মান শূন্য দশমিক ৩২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ দশমিক ১২৩ ডলারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.