ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ইসরায়েলে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন ইয়াসার দলের নেতা গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তাকে এই দায়িত্ব অর্পণ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পশ্চিম জেরুজালেমে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আইজেনকোটের হাতে সরকার গঠনের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এই তথ্য নিশ্চিত করেছে। নেসেটে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট এ পদক্ষেপ নেন। সেখানে ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে সমর্থন জানান। বিপরীতে ৪৬ জন আইনপ্রণেতা বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে অবস্থান নেন এবং সাতজন আইনপ্রণেতা কোনো পক্ষকেই সমর্থন করেননি।
আইন অনুযায়ী আইজেনকোট সরকার গঠনের জন্য মোট ২৮ দিন সময় পাবেন। তবে প্রয়োজনে প্রেসিডেন্ট এই মেয়াদ আরও সর্বোচ্চ ১৪ দিন বাড়াতে পারেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে হারজোগ উল্লেখ করেন, সরকার গঠনের জন্য আইজেনকোট স্পষ্ট সমর্থন পেয়েছেন। ইসরায়েলে বর্তমানে একটি স্থিতিশীল সরকার দরকার। গাজা উপত্যকা সংক্রান্ত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়ন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনা, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতির প্রতিক্রিয়া ও সামরিক নিয়োগের মতো সংকট মোকাবেলায় তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান।
দায়িত্ব গ্রহণের পর আইজেনকোট এক ভাষণে সতর্ক করে বলেন, ‘যুদ্ধকালীন উদ্দেশ্যগুলো এখনও বাস্তবায়িত হয়নি। অন্যদিকে দেশ মারাত্মক রাজনৈতিক ও কূটনৈতিক সংকটের মুখে পড়েছে।’ পরিস্থিতি চলতে থাকলে তা অপরিবর্তনীয় ক্ষতির দিকে গড়াতে পারে উল্লেখ করে তিনি দ্রুত একটি জাতীয় জরুরি সরকার গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নতুন সরকারে যোগ দেওয়ার জন্য তিনি নেতানিয়াহুর লিকুদ দল এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়োনিজম দলকে আমন্ত্রণ জানান। তবে চরমপন্থি জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বাধীন জিউইশ পাওয়ার দল সম্পর্কে তিনি কিছু উল্লেখ করেননি। সংসদীয় সমর্থন বাড়াতে তিনি ইউনাইটেড আরব লিস্ট ও যৌথ তালিকার মতো আরব দলগুলোর সঙ্গেও সরকার গঠনের সুযোগ খোলা রেখেছেন।
আইজেনকোটের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চারটি মূল নীতি মেনে নিলে নেসেটের সব দলকেই সরকার গঠনে আমন্ত্রণ জানানো হবে। তবে সেই নীতিগুলোর বিস্তারিত সেখানে উল্লেখ করা হয়নি। তিনি জানান, সরকার গঠনে সব দলকে পারস্পরিক ছাড় দিতে হবে।
আইজেনকোট নির্ধারিত সময়ের মধ্যে জোট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনো আইনপ্রণেতাকে এই দায়িত্ব দিতে পারেন। নতুন সেই প্রার্থী কোনো বাড়তি সময় ছাড়া কেবল ২৮ দিন সময় পাবেন। সেই উদ্যোগও সফল না হলে নেসেটের আইনপ্রণেতাদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ১৪ দিনের মধ্যে অন্য কাউকে সরকার গঠনের শেষ সুযোগ দেওয়া হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.