ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুকেও জোটে চান আইজেনকোট
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট বলেছেন, তার নেতৃত্বাধীন সরকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও অন্তর্ভুক্ত করতে তিনি আগ্রহী। এমনকি নেতানিয়াহুর কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের দলকেও জোটে স্বাগত জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার

গতকাল রোববার জেরুজালেমে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন আইজেনকোট। এর আগে প্রেসিডেন্ট তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।
আইজেনকোট বলেন, লিকুদ পার্টি ও রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই মনে করেন, এখন জাতীয় ঐক্যের সময়, যেমনটি তারা প্রেসিডেন্টকে জানিয়েছেন, তাহলে তার নেতৃত্বে এবং ঘোষিত নীতির ভিত্তিতে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো কারণ তিনি দেখছেন না।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আইজেনকোটের নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে। অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবেন এবং ইসরায়েলি সমাজের সব অংশের প্রতিনিধিত্ব করবেন।
এদিকে প্রেসিডেন্ট হারজগ বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইসরায়েল অনিশ্চয়তার মুখে পড়েছে। ওই নির্বাচনে ইসরায়েলের সমালোচক এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিরোধী কয়েকজন রাজনৈতিক নেতা জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের এই নতুন রাজনৈতিক বাস্তবতায় ইসরায়েলের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর প্রথম আট মাস তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তা সত্ত্বেও নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব পেতে আইজেনকোটকে সমর্থন দিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনে আইজেনকোটের চার দলের জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পায় ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনোটিই পায়নি। এ নির্বাচনে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
তবে আরব নেতৃত্বাধীন দলগুলোকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইজেনকোট। ওই দলগুলোকে সঙ্গে নিলে তার জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬৭। অন্যদিকে অতি কট্টরপন্থী ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসকে জোটে আনতে পারলে আসনসংখ্যা ঠিক ৬১-তে পৌঁছাবে। এ ছাড়া সংসদে আস্থা ভোটে সমর্থন পেয়েও ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠন সম্ভব।
আল জাজিরার সংবাদদাতা নুর ওদেহ অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে জানিয়েছেন, আইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ করতে এবং সংসদে আস্থা ভোটে সমর্থন পাওয়ার উদ্যোগ ভেস্তে দিতে নেতানিয়াহুর হাতে এখনো সময় রয়েছে।
তিনি বলেন, এর মধ্যে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নেতানিয়াহুকেই স্বাভাবিকভাবে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে। তিনিও ব্যর্থ হলে নতুন নির্বাচন হবে। সে ক্ষেত্রেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সুযোগ থাকবে নেতানিয়াহুর। নেতানিয়াহুর সমালোচকদের অনেকের ধারণা, এটাই তার লক্ষ্য।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.