আপনি পড়ছেন

চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করার অভিযোগ ওঠা এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করার পর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গতকাল রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ তদন্তের ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক: এনভিডিয়া সিইওর বিরুদ্ধে তদন্ত শুরু
জেনসেন হুয়াং

এনভিডিয়া জানিয়েছে, বাইরের আইনজীবীদের সহায়তায় স্বাধীন পরিচালকদের একটি কমিটি তদন্ত পরিচালনা করবে। পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে বলেছে, জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্যের সুরক্ষা বিঘ্নিত হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ তাদের নেই। তবে এ বিষয়ে সব ধরনের তথ্য খতিয়ে দেখা হবে। তদন্ত চলাকালে জেনসেন হুয়াংই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেবেন। তাঁর নেতৃত্বের ওপর পরিচালনা পর্ষদের আস্থা রয়েছে বলেও জানানো হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ তদন্ত শুরু হলো। ওই প্রতিবেদনে বলা হয়, চীনের গুপ্তচরবৃত্তির একটি পরিকল্পনার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন জেনসেন হুয়াং।

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে। এআই প্রযুক্তির উত্থানের কারণে এনভিডিয়ার চিপ ও প্রোগ্রামিং ইন্টারফেসের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কয়েক ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

চীন যেন প্রযুক্তি ও সামরিক খাতে এগিয়ে যেতে না পারে, সে আশঙ্কায় বহু বছর ধরে দেশটিতে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র।

গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং বা হুয়াং লে নামের এক চীনা নারী এনভিডিয়ার প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে ওই নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। এ ঘটনায় গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস।

প্রতিবেদনে আরও বলা হয়, অ্যালিস হুয়াংয়ের নিয়োগদাতা প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়ার অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে প্রায় ৪৮০ কোটি ডলারের সরঞ্জাম কিনেছে।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দুই প্রধান দলের আইনপ্রণেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ডেমোক্রেটিক পার্টির সিনেটর এলিজাবেথ ওয়ারেন এক বিবৃতিতে বলেন, কয়েক মাস ধরে দুই দলের কংগ্রেস সদস্যরা এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানির বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। জেনসেন হুয়াং ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে কংগ্রেসের কাছে জবাব দিতে হবে। উন্নত মার্কিন প্রযুক্তি চীনে যাওয়া বন্ধে দ্বিদলীয় আইনও পাস করা প্রয়োজন।

অন্যদিকে, রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদের সদস্যরাও এ সম্পর্কের বিষয়ে জেনসেন হুয়াংকে ১৮ নভেম্বর কংগ্রেসে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান আইনপ্রণেতা জন মুলেনার, ব্রায়ান মাস্ট ও রিক ক্রফোর্ড এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে পড়েছে, তা নির্ধারণ করা কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে স্ত্রীকে অবিশ্বস্ত করার কথা স্বীকার করেন জেনসেন হুয়াং। তিনি লেখেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কর্মকাণ্ডে তিনি ও আমাদের সন্তানেরা কষ্ট পেয়েছেন। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই।’

এআই প্রযুক্তির উত্থানের সঙ্গে সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত সম্প্রসারিত হয়েছে এনভিডিয়া। ওপেনএআই, অ্যানথ্রোপিক, মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানের তৈরি বৃহৎ ভাষা মডেলের জন্য চিপ উৎপাদন করে প্রতিষ্ঠানটি।

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছেন জেনসেন হুয়াং। ওই বছরের আগস্টে ট্রাম্প প্রশাসন চীনে এনভিডিয়ার নির্দিষ্ট কিছু চিপ বিক্রির আয় থেকে ১৫ শতাংশ অর্থ নেওয়ার ঘোষণা দেয়।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নিজেও এনভিডিয়ার প্রায় ১৬ লাখ ডলারের শেয়ার কিনেছিলেন এবং গত আগস্টে প্রায় ১০ লাখ ডলারের শেয়ার বিক্রি করেন। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ লেনদেনের বিষয়টি আলোচনায় আসে।

গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক পরাজয়ের পর এনভিডিয়াসহ এআই-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দর পড়ে যায়। গত সপ্তাহে এক দিনেই এনভিডিয়ার বাজারমূল্য ৪৫০ বিলিয়ন বা ৪৫ হাজার কোটি ডলার কমে যায়। তবে শুক্রবার শেয়ারের দর ৪ শতাংশ বেড়ে ক্ষতির কিছুটা পুষিয়ে নেয়।

নভেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে জেনসেন হুয়াং তাঁর সঙ্গে যাবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি বলেন, ‘আমি জানি না। তবে তাঁকে অবশ্যই সঙ্গে নেব। তিনি কোনো অন্যায় করেছেন বলে আমি শুনিনি। তিনি একজনের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, কিন্তু অন্যরাও তো এমন করে।’

ট্রাম্প আরও বলেন, জেনসেন হুয়াং একজন ভালো মানুষ এবং দেশের জন্য অসাধারণ কাজ করেছেন। তার আচরণ নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি সম্মানিত একজন মানুষ। আমার ধারণা, এ বিষয়ে তার কোনো ব্যাখ্যা থাকতে পারে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.