আপনি পড়ছেন

কুয়েতে ড্রোন হামলার দায় অস্বীকার করেছে তেহরান। উল্টো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজেদের গুরুত্ব প্রমাণ করতে ইউক্রেন এই প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইরানের পরমাণু আলোচক দলের সাবেক এক উপদেষ্টা। বৃহস্পতিবার এই অভিযোগ তোলা হয়।

ইরান: কুয়েতে ড্রোন হামলার নেপথ্যে ইউক্রেন
কুয়েত সিটিতে ড্রোন হামলার পর ধোঁয়া

কুয়েত ও ইতালির কর্মকর্তারা এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। এই হামলায় ইতালির দুই প্রতিরক্ষা প্রকৌশলী নিহত ও আরও দুজন আহত হন। তবে রোমে অবস্থিত ইরানি দূতাবাস এই ঘটনাকে ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো অভিযান বলে আখ্যা দিয়েছে। দূতাবাস সতর্ক করে জানায়, পারস্য উপসাগরীয় সংঘাতের পরিধি বাড়িয়ে ইউরোপকে এই সংকটে জড়াতেই এমনটি করা হয়েছে।

ইরানের পরমাণু আলোচক দলের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মারান্দি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ইরানে এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, কুয়েতে এই হামলাটি একটি ফলস ফ্ল্যাগ অভিযান ছিল। সম্ভবত ইউক্রেনীয় শাসকগোষ্ঠী এটি পরিচালনা করেছে। কারণ তাদের সদস্যরা এখন উত্তর ইরাক ও সিরিয়াসহ পুরো অঞ্চলে সক্রিয় রয়েছে। মূলত ট্রাম্পের কাছে নিজেদের সক্ষমতা প্রমাণ করতেই ইউক্রেন এটি করেছে।’ পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় মারান্দি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তাকে ইরানের ‘ইংরেজি ভাষার মুখপাত্র’ হিসেবে বিবেচনা করা হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সির খবরেও মারান্দির এই বক্তব্য তুলে ধরা হয়। ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ফার্স নিউজ এক নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করেছে, ইউক্রেনের সদস্যরা ইরাকের কুর্দিস্তান অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে কয়েক হাজার ড্রোন ও চালকবিহীন বিমান মোতায়েন করেছে।

এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ইরানের ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে একটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে শুরুতে চারজন আহত হলেও পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় দুই ইতালীয় নাগরিক মারা যান। এ ছাড়া একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি কুয়েত।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নিহত দুই ইতালীয় নাগরিক জার্মানির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের সহযোগী প্রতিষ্ঠান ‘রাইনমেটাল ইতালিয়া’র কর্মী ছিলেন। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘একটি ড্রোন হামলার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে... যেখানে রাইনমেটাল ইতালিয়ার দুজন ইতালীয় প্রযুক্তিবিদ কাজ করছিলেন।’ ইতালীয় বার্তা সংস্থা আনসার (ANSA) প্রতিবেদনে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন ইতালির ফর্মিয়ার বাসিন্দা আন্তোনিও সাকোচ্চিও (৬৫) এবং রোমের বাসিন্দা ইমানুয়েল লো রুশো (৩৬)। তারা স্কাইগার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার অ্যান্টেনা রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।

হামলার দায় অস্বীকার করে রোমে অবস্থিত ইরানি দূতাবাস জানায়, ‘সংঘাতের পরিধি বাড়াতে, অন্য অঞ্চলের বিরোধকে পারস্য উপসাগরীয় সংকটের সাথে যুক্ত করতে, ইউরোপকে সংকটে টেনে আনতে এবং বর্তমান নাজুক পরিস্থিতিকে আরও শোচনীয় করতে পরিচালিত "ফলস ফ্ল্যাগ" কার্যক্রম ও অভিযানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তিনি ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং এই প্রাণঘাতী ঘটনার তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। তিনি লেখেন, ‘কুয়েতে ইতালীয় নাগরিকদের মৃত্যুতে আমার ইতালীয় ও কুয়েতি সমকক্ষদের সঙ্গে ফোনালাপে সমবেদনা জানিয়েছি। ঘটনাটি সন্দেহজনক এবং এটি যুদ্ধের পূর্বপরিকল্পিত চক্রান্তের মতো মনে হচ্ছে।’ তিনি আরও লেখেন, ‘ঘটনার কারণ নির্ণয়ে আমরা কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকেই পারস্য উপসাগরে ওয়াশিংটনের অন্যতম মিত্র কুয়েতে দফায় দফায় হামলা চালিয়ে আসছে তেহরান। সংঘাত শুরুর পর বাহরাইন ও কুয়েতের এমন হস্তক্ষেপ এই যুদ্ধে তাদের প্রথম প্রকাশ্য সংশ্লিষ্টতা হিসেবে চিহ্নিত হয়েছে। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল এবং পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার কেভিন ডনেগান ‘দ্য স্টোরি’ অনুষ্ঠানে জানান, তার দায়িত্বকালীন সময়ের তুলনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পক্ষগুলো নাটকীয়ভাবে বদলে গেছে।

অন্যদিকে ইরানি হামলা প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে ড্রোন বিশেষজ্ঞ ও ইন্টারসেপ্টর ড্রোন পাঠিয়েছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অর্জিত প্রযুক্তি ও সামরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অঞ্চলটিতে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্চে জানান, ওয়াশিংটনের অনুরোধে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি রক্ষায় তারা ইন্টারসেপ্টর ড্রোন ও বিশেষজ্ঞ পাঠিয়েছেন। এ ছাড়া কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও ড্রোন প্রতিরোধে সামরিক বিশেষজ্ঞদের দল পাঠানো হয়েছে বলে নিশ্চিত করে কিয়েভ।

জেলেনস্কি বলেন, ‘আক্রমণকারী ড্রোন মোকাবিলার ক্ষেত্রে ইউক্রেনের বিশ্বসেরা অভিজ্ঞতা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই অভিজ্ঞতা ছাড়া উপসাগরীয় অঞ্চল, সমগ্র মধ্যপ্রাচ্য এবং ইউরোপ ও আমেরিকার অংশীদারদের পক্ষে একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত কঠিন হবে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.