আপনি পড়ছেন

ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। উপকূলীয় অঞ্চলে জোয়ারের পানিও বেড়েছে। দেশজুড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৯ লাখের বেশি মানুষ। বিমান চলাচল ও যাতায়াতব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। ঝড়ের কারণে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। খবর বিবিসির

যুক্তরাষ্ট্রে ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখ মানুষ, চার শতাধিক ফ্লাইট বাতিল
ছবি- এনবিসি

বিমান চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যাওয়া এবং দেশটিতে অবতরণকারী ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সময়ে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

এ সপ্তাহে থ্যাংকসগিভিং ছুটি উপলক্ষে ৮ কোটির বেশি মার্কিন নাগরিকের ভ্রমণের কথা রয়েছে। এর মধ্যে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আগেই সতর্ক করে বলেছিল, পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে পুরো সপ্তাহজুড়েই ফ্লাইট চলাচলে বিলম্ব হতে পারে।

এদিকে ঝড়ের কারণে বৃহস্পতিবার রাতে প্রায় ১০ লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ঝড়টি। এতে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল (প্রায় ১১৩ কিলোমিটার) বেগে ঝোড়ো বাতাস বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি ও উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাজ্যের জার্সি শোর উপকূলীয় এলাকার কয়েকটি জনপদ ব্যাপক বন্যার কবলে পড়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঝড়ের কারণে নিউইয়র্ক সিটিতে বার্ষিক ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড পিছিয়ে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

প্রবল বাতাসের কারণে মেরিল্যান্ডে কয়েকটি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ডেলাওয়ারের সমুদ্রসৈকতগুলোতে বিশাল ঢেউ আছড়ে পড়েছে। জোয়ারের পানি ঢুকে পড়েছে সমুদ্রসৈকতের হাঁটার পথেও।

মেরিল্যান্ডে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় প্রায় ২০ লাখ গ্রাহককে পানি ব্যবহারে সতর্ক করেছে স্থানীয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আপাতত পানির ব্যবহার শুধু জরুরি প্রয়োজনের মধ্যে সীমিত রাখতে হবে।

ওয়াশিংটন ডিসিতে থ্যাংকসগিভিংয়ের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের দিনে জোয়ারের পানি বেড়ে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের জাতীয় পানি পূর্বাভাস পরিষেবা এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দেশটিতে ৯ লাখ ৮০ হাজারের বেশি বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ জার্সি অঙ্গরাজ্যে পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ। পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো জানান, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত বিদ্যুৎ পুনরায় চালু করতে নিরলসভাবে কাজ করছে। তবে ভার্জিনিয়া ও নিউ জার্সির বিদ্যুৎ কোম্পানিগুলো সতর্ক করে বলেছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময়, এমনকি কয়েক দিনও লাগতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরাপদে পৌঁছানো সম্ভব না হওয়ায় উদ্ধার ও মেরামতকর্মীদের কাজ শুরু করতে দেরি হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছুটির সময়ের এই ঝড় মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলগুলোর জন্য জরুরি তহবিল ছাড়ের বিষয়টি তিনি বিবেচনা করবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও বৈরী আবহাওয়া দেখা দিয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) জানিয়েছে, প্রশান্ত মহাসাগর থেকে আসা একের পর এক ঝড়ের কারণে পশ্চিমাঞ্চলে বৃষ্টি, পাহাড়ি এলাকায় তুষারপাত ও প্রবল বাতাস বয়ে যেতে পারে।

উপকূলীয় এলাকায় জোয়ারের পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় সম্ভাব্য বন্যার আশঙ্কা করছেন বাসিন্দারা। এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ উপকূলের কোনো কোনো এলাকায় পানির উচ্চতা ৮ ফুট (প্রায় ২ দশমিক ৪ মিটার) ছাড়িয়ে যেতে পারে। এতে গত মাসে তৈরি হওয়া পানির উচ্চতার রেকর্ডও ভেঙে যেতে পারে।

সপ্তাহের শুরুতে সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেসে জোয়ারের পানির উচ্চতা ৮ ফুটের বেশি রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রসৈকত ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জোয়ারের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্যালিফোর্নিয়ার উপকূল ধরে চলাচলকারী অ্যামট্র্যাক প্যাসিফিক সার্ফলাইনার ট্রেনের কয়েকটি যাত্রা বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, জোয়ারের পানিতে রেলপথের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশসহ প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে মায়ামিতে বৃহস্পতিবারও বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ছিল। আগের রাতে ফেডএক্সের একটি কার্গো বিমান অবতরণের পর রানওয়ে ছাড়িয়ে চলে যায়। এ ঘটনায় বিমানবন্দরের একটি ছাড়া বাকি সব রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে বিমানবন্দরের এক কর্মী জানিয়েছেন, বৃষ্টির কারণে উড়োজাহাজটি থামতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘তারা সর্বোচ্চ চেষ্টা করেও উড়োজাহাজটি থামাতে পারেননি। বৃষ্টি ও বাতাসের কারণে এমনটা হয়েছে কি না, তা নিশ্চিত নই। তবে উড়োজাহাজটি সময়মতো থামতে না পেরে রানওয়ে ছাড়িয়ে পাশের ঘাসের ওপর চলে যায়।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.