আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দিতে গিয়ে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করছে না ওয়াশিংটন। এতে ইউক্রেনের মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি।

জেলেনস্কি: মধ্যপ্রাচ্যে বেশি মনোযোগ যুক্তরাষ্ট্রের, রাশিয়ার ওপর চাপ কম
ভলোদিমির জেলেনস্কি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। কিয়েভে নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনকে আলিঙ্গন করার একটি ছবি প্রকাশ করে তাঁকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেন ট্রাম্প। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘অবশ্যই এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিজস্ব সিদ্ধান্ত। তবে বিষয়টি অদ্ভুত।’ তিনি আরও বলেন, ‘পুতিন একজন আগ্রাসী ও হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না। কোনোভাবেই না।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার সঙ্গে বিষয়টিকে তুলনা করেন তিনি।

২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়ে চলছেন জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির চেষ্টা করছেন ট্রাম্পের দুই প্রতিনিধি। তবে তাঁদের অবস্থান অনেক সময় কিয়েভের চেয়ে মস্কোর সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সর্বশেষ দফার শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানতে পারছি, সমস্যা ততই বাড়ছে।’ আগামী ডিসেম্বরে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্প জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে সম্মেলনে তিনি রাশিয়াকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনাও যথেষ্ট বলে মনে করেন তিনি। তবে রাশিয়ার প্রকাশ্য বক্তব্যে দেশটিকে প্রায় সব বিষয়ে আলোচনার আগের কঠোর অবস্থানে ফিরে যেতে দেখা যাচ্ছে। আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরা থাকবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তাঁদের উপস্থিতির কথা জানালেও ক্রেমলিন এতে আপত্তি জানাচ্ছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা আরও প্রাণঘাতী হয়ে উঠছে। বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম ‘প্রকৃত ও কার্যকর মিত্রদের’ পাশে চেয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী দেশ হিসেবে নিজের ক্ষমতা ও মর্যাদার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘আগ্রাসীর সঙ্গে যখন আপনি অতিরিক্ত নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, তখন এর অর্থ দাঁড়ায়, আপনি একই সঙ্গে ভুক্তভোগী ও আগ্রাসী—উভয়কেই সমর্থন করছেন। এটি ঠিক নয়।’

জেলেনস্কির দাবি, রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হচ্ছেন ইউক্রেনের সেনারা। এ সক্ষমতা ক্রমেই বাড়ছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বড় ঘাটতি রয়েছে। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র সরবরাহেও বিলম্ব হচ্ছে।

তিনি বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সেখানে বেশি সহায়তা করছে। এ নিয়ে আমাদের বড় ধরনের প্রশ্ন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রের ঘাটতির অর্থ মানুষের জীবনহানি।’

ইউক্রেনের দখল করা এলাকাগুলোতে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার এখনো সীমিত রয়েছে বলেও জানান জেলেনস্কি।

ইউক্রেনের ড্রোন ইউনিটগুলো বিবিসিকে জানিয়েছে, এ সীমাবদ্ধতার কারণে তাদের ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে রাশিয়ার শাহেদ ড্রোন ধাওয়া করে ধ্বংস করা কঠিন হয়ে পড়েছে। ফলে রুশ ড্রোনগুলো বাধাহীনভাবে ইউক্রেনের আরও গভীরে প্রবেশ করতে পারছে।

এ সিদ্ধান্ত কার—এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘প্রযুক্তিগতভাবে এটি স্পেসএক্সের সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে কার সিদ্ধান্ত, তা আমি জানি না। বিষয়টি অনেকটা পিংপং খেলার মতো। আমরা এক পক্ষকে জিজ্ঞাসা করি, তারা বলে অন্য পক্ষের সিদ্ধান্ত।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা বাড়িয়েছে ইউক্রেন। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে তেল শোধনাগার এবং অস্ত্র ও জ্বালানি বহনকারী জাহাজ। বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, পূর্ব লিবিয়ায় নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা যুদ্ধকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। এটি গ্রহণযোগ্য নয়।

তবে হামলার পক্ষে যুক্তি দিয়েছেন জেলেনস্কি। রুশ যুদ্ধজাহাজ মার্কারিকে তিনি ‘সম্পূর্ণ ন্যায্য লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করেন। এ ধরনের হামলা ‘খুবই বিপজ্জনক’ হলেও ইউক্রেনের বাহিনী মিত্রদের সঙ্গে সমন্বয় না করে কখনো হামলা চালায় না বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি।

এদিকে কঠিন ও বিপজ্জনক শীতের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার হামলায় দনিপ্রো নদীর ওপর নির্মিত সেতুগুলো লক্ষ্যবস্তু হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে শহরটিকে দুই ভাগে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে রাশিয়া।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.