বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো তৈরির পরিকল্পনা নিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। এই উদ্যোগ বাস্তবায়ন হলে মার্কিন প্রযুক্তি জায়ান্টটির বড় অঙ্কের মূলধনি বিনিয়োগ প্রয়োজন হবে। এর ফলে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথ খরচ উল্লেখযোগ্য হারে কমবে।

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো গড়বে মেটা
প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার লোগো

১৩ আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাথে এক বৈঠকের পর মেটা এই পদক্ষেপ নেয়। নিয়ন্ত্রক সংস্থাটির কাছে পাঠানো চিঠির তথ্য অনুযায়ী, ওই বৈঠকে বাংলাদেশে মেটার সেবার মান ও গতি বাড়াতে স্থানীয় অবকাঠামো প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্থানীয় মুদ্রায় অর্থ পরিশোধের সুবিধা, একটি স্থায়ী কার্যালয় স্থাপন এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে মেটা তাদের ‘পয়েন্টস অব প্রেজেন্স’ (পিওপি) স্থাপন ও পরিচালনার অনুমতি চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করে। একই সাথে এগুলোকে নিজেদের আন্তর্জাতিক ব্যাকবোন অবকাঠামোর সাথে যুক্ত করা এবং স্থানীয় ইন্টারনেট সেবাদাতা (আইএসপি), মোবাইল অপারেটর ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের অনুমতি চায় প্রতিষ্ঠানটি।

প্রস্তাবিত এই পদক্ষেপে মেটার বড় ধরনের মূলধনি বিনিয়োগ থাকবে। তবে ডেইলি স্টারের দেখা ওই চিঠিতে মেটা তাদের বিনিয়োগের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেনি। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের লাখ লাখ গ্রাহকের জন্য মেটার প্ল্যাটফর্মগুলো ব্যবহারের গতি বাড়বে। কারণ এর ফলে বিদেশ থেকে কনটেন্ট ঘুরিয়ে আনার প্রয়োজন পড়বে না।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ জানান, বাংলাদেশের ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব কনটেন্ট ব্যবহার করেন, তার একটি বড় অংশ বর্তমানে ভারতের ডেটা সেন্টার থেকে সরবরাহ করা হয়। বাংলাদেশে মেটার নিজস্ব অবকাঠামো তৈরি হলে এসব কনটেন্টের বড় অংশ স্থানীয়ভাবে হোস্ট ও সরবরাহ করা সম্ভব হবে। ফলে ভারতের মধ্য দিয়ে ট্রাফিকের প্রবাহ কমে আসবে।

তিনি আরো বলেন, ‘সাবমেরিন ক্যাবল বা স্থল সংযোগের মাধ্যমে দেশে এই কনটেন্ট আনার জন্য বর্তমানে আমরা ভারত বা অন্য কোনো দেশকে যে ব্যান্ডউইথ খরচ পরিশোধ করি, তা সাশ্রয় হবে। ফলে একদিকে যেমন অর্থ বাঁচবে, অন্যদিকে আমাদের ব্যবহারকারীদের জন্য উন্নত সেবা নিশ্চিত হবে।’

বিটিআরসির তথ্যমতে, আগস্ট পর্যন্ত বাংলাদেশ দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে এবং আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবল কোম্পানির মাধ্যমে ভারত থেকে মোট ১১ হাজার ৬৫৩ দশমিক ৬৮ জিবিপিএস আন্তর্জাতিক ব্যান্ডউইথ আমদানি করেছে। প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ব্যবহৃত আন্তর্জাতিক ব্যান্ডউইথের প্রায় ২৫ শতাংশই মেটার প্ল্যাটফর্মগুলো গ্রহণ করে থাকে। গ্লোবাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ‘নেপোলিয়নক্যাট’-এর তথ্যানুযায়ী, অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭ কোটি ৭১ লাখ।

মেটার সহযোগী প্রতিষ্ঠান এজ নেটওয়ার্ক সার্ভিসেসের নেটওয়ার্ক ইনভেস্টমেন্ট বিভাগের পরিচালক নিকো রোয়েরিখের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, বিনিয়োগের মূল্যায়ন ও তা নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক নিশ্চয়তা থাকা প্রয়োজন। সহজ নিয়ন্ত্রণমূলক সুবিধার স্বপক্ষে প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর বিধান এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি ২০২৫-এর ৭.২.১০ ধারা উদ্ধৃত করেছে।

প্রথমত, প্রচলিত টেলিযোগাযোগ লাইসেন্স নেওয়া ছাড়াই অংশীদারদের মাধ্যমে বাংলাদেশে পিওপি সরঞ্জাম স্থাপন, মালিকানা রাখা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অনুমতি চায় মেটা। একই সাথে ক্যারিয়ার-নিরপেক্ষ ডেটা সেন্টার বা নিজস্ব পছন্দের যেকোনো থার্ড পার্টি স্থাপনায় সরঞ্জামগুলো যৌথভাবে স্থাপনের (কো-লোকেট) সুযোগ চেয়েছে প্রতিষ্ঠানটি।

দ্বিতীয়ত, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, আন্তঃসীমান্ত টেরিস্ট্রিয়াল ব্যাকবোন সংযোগ এবং অভ্যন্তরীণ ব্যাকহলসহ আন্তর্জাতিক ব্যাকবোন অবকাঠামোর সঙ্গে বাংলাদেশের পিওপিগুলোকে সরাসরি যুক্ত করার অনুমতি চেয়েছে মেটা। পাশাপাশি নিজস্ব ট্রাফিক স্থানান্তরের জন্য দেশের ভেতরে এবং সীমান্তের ওপারে নিজস্ব পিওপিগুলোর মধ্যে ট্রান্সমিশন সক্ষমতা স্থাপন ও পরিচালনার সুযোগ চায় তারা।

তৃতীয়ত, স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং অন্যান্য নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে ‘সেটেলমেন্ট-ফ্রি পিয়ারিং’ চুক্তি করার অনুমোদন চেয়েছে মেটা। সেটেলমেন্ট-ফ্রি পিয়ারিং হলো এমন একটি ব্যবস্থা, যেখানে দুটি নেটওয়ার্ক পরস্পরের কাছ থেকে কোনো ফি না নিয়েই সরাসরি ট্রাফিক আদান-প্রদান করে। এই ধরনের ব্যবস্থা থার্ড পার্টি ট্রানজিট সরবরাহকারীদের কাছ থেকে ব্যান্ডউইথ কেনার প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।

মেটা তাদের পিয়ারিং অংশীদার নির্বাচন এবং এসব ব্যবস্থার ওপর বাড়তি কোনো বাধ্যতামূলক চার্জ আরোপ ছাড়াই বাণিজ্যিক শর্তাবলী আলোচনার স্বাধীনতা চেয়েছে। একই সাথে প্রস্তাবিত কার্যক্রমগুলোর জন্য আলাদা কোনো ইন্টারকানেকশন লাইসেন্স বা অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক অনুমোদনের প্রয়োজন হবে না বলে লিখিত নিশ্চয়তা চেয়েছে তারা। এই লিখিত নিশ্চয়তার ওপর নির্ভর করে প্রতিষ্ঠানটি তাদের পরিকল্পনা, সরঞ্জাম সংগ্রহ, অর্থায়ন ও অবকাঠামো বাস্তবায়নের কাজ পরিচালনা করতে পারবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.