আপনি পড়ছেন

ইসরায়েলে সাধারণ নির্বাচনের পর সরকার গঠন নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সংসদীয় দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। প্রথাগত নিয়ম ভেঙে এবার ছোট রাজনৈতিক দলগুলোকে দিয়ে বুধবার থেকে এই আলোচনা শুরু হতে যাচ্ছে।

ইসরায়েলে সরকার গঠনে দলগুলোর সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ

পার্লামেন্ট নেসেটের মোট ১২০টি আসনের মধ্যে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। এই পরিস্থিতিতে বিরোধী দল ইয়াশারের নেতা গাদি আইজেনকোট সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পাওয়ার পথে এগিয়ে রয়েছেন। তবে শরিকদের মধ্যকার তীব্র মতবিরোধের কারণে জোট গঠন এখনও বেশ জটিল হয়ে রয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় সোমবার জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টায় আলোচনা পর্ব শুরু হবে। প্রতিটি সম্ভাবনার সামগ্রিক মূল্যায়ন এবং দলগুলোর নতুন ভাবনা জানতে এবার সদস্যসংখ্যার দিক থেকে ক্রমানুসারে ছোট দলগুলোকে আলোচনার জন্য আগে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবারের আলোচনায় প্রথমে অংশ নেবে রিলিজিয়াস জায়োনিজম, এরপর শাস এবং পরে ইসরায়েল বেইতেনু। প্রয়োজনবোধে অতিরিক্ত আরেক দফা আলোচনার সুযোগও উন্মুক্ত রেখেছেন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার ইউনাইটেড তোরাহ জুডাইজম, ওতজমা ইহুদিত, দ্য ডেমোক্র্যাটস, ইউনাইটেড আরব লিস্ট (রাম), জয়েন্ট লিস্ট, নাফতালি বেনেটের টুগেদার পার্টি, ইয়াশার এবং সবশেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের সঙ্গে আলোচনা করবেন হারজোগ। সব দলের সুপারিশ শোনার পর হারজোগ ঘোষণা করবেন কাকে তিনি সরকার গঠনের দায়িত্ব দিতে চান।

ইসরায়েলের মূল আইন অনুযায়ী, প্রেসিডেন্ট বৃহত্তম দলের নেতাকেই বেছে নিতে বাধ্য নন; বরং যিনি সরকার গঠনে সবচেয়ে কার্যকর হবেন তাকেই তিনি দায়িত্ব দিতে পারেন। দায়িত্বপ্রাপ্ত আইনপ্রণেতা সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন, যা পরবর্তীতে সর্বোচ্চ আরও ১৪ দিন বাড়ানো সম্ভব। এরপর প্রস্তাবিত সরকারকে নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হবে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন পেয়েছে। এর মধ্যে লিকুদ ২৭টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম ৭টি, ওতজমা ইহুদিত ৭টি এবং শাস ও রিলিজিয়াস জায়োনিজম ৬টি করে আসন লাভ করেছে। সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা এখনও আটটি আসনে পিছিয়ে রয়েছে।

অন্যদিকে প্রধান বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। এর মধ্যে আইজেনকোটের ইয়াশার ২১টি, টুগেদার ১২টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি এবং ইসরায়েল বেইতেনু পেয়েছে ৭টি আসন। এছাড়া আরব দলগুলো যৌথভাবে ১৯টি আসন নিশ্চিত করেছে, যার মধ্যে জয়েন্ট লিস্ট ১১টি এবং রাম ৮টি আসন পেয়েছে। অর্থাৎ সরকার গঠনে বিরোধী জোটের প্রয়োজন আরও ১৩ জন আইনপ্রণেতার সমর্থন।

বিরোধী ও আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা ৬৭ হলেও তারা কোনো কার্যকর জোট গঠনে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। ইসরায়েল বেইতেনু নেতা আভিগদোর লিবারম্যান আরব দলগুলোর অন্তর্ভুক্ত বা তাদের সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকারের অংশ হতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন।

তবে লিবারম্যান শেষ পর্যন্ত প্রেসিডেন্টকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য আইজেনকোটের নামই সুপারিশ করবেন বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ইয়াইর গোলানের নেতৃত্বাধীন দ্য ডেমোক্র্যাটসও আইজেনকোটকে সমর্থনের দিকে এগোচ্ছে। বেনেটের দল রবিবারই তার প্রতি সমর্থনের ঘোষণা দিয়েছে। এছাড়া আরব আইনপ্রণেতারাও আইজেনকোটকে সুপারিশের ইঙ্গিত দিয়েছেন, যা লিকুদ একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও নেতানিয়াহুর চেয়ে আইজেনকোটকে সুবিধাজনক অবস্থানে রাখছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.