সরকারি খরচে লাগাম, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
বাজেট বাস্তবায়নে অপচয় রোধ ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে নতুন গাড়ি কেনা, নতুন ভবন নির্মাণ এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। একই সঙ্গে চলতি ২০২৬–২৭ অর্থবছরের সংশোধিত বাজেটের ব্যয় কোনোভাবেই মূল বাজেটে নির্ধারিত সীমার বাইরে না নেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

সংশোধিত বাজেট প্রণয়ন উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এক পরিপত্রে এসব নির্দেশনা জারি করা হয়। পরিপত্রে আগামী ২৬ নভেম্বরের মধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত বরাদ্দ চাইতে পারবে না। সরকারের নীতিগত অগ্রাধিকার ও নির্বাচনী ইশতেহার বিবেচনায় নিয়ে মূল বরাদ্দের ভেতরেই প্রয়োজনীয় অর্থ পুনর্বিন্যাস করতে হবে।
যানবাহন কেনা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, চলতি অর্থবছরে সব ধরনের যানবাহন কেনার জন্য রাখা বরাদ্দের অর্থ ব্যয় পুরোপুরি স্থগিত থাকবে। তবে সরকারি যানবাহনের তালিকাভুক্ত (টিওঅ্যান্ডই) ১০ বছরের বেশি পুরোনো গাড়ি প্রতিস্থাপন এবং নতুন গঠিত প্রতিষ্ঠানের জন্য অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে গাড়ি কেনা যাবে। এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যান ছাড়া নতুন কেনা বা প্রতিস্থাপিত সব গাড়ি অবশ্যই বৈদ্যুতিক হতে হবে। তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির এই শর্ত শিথিলযোগ্য। এ ছাড়া সরকারি কর্মচারীদের সুদমুক্ত বিশেষ গাড়ি ঋণ বরাদ্দ বন্ধের পাশাপাশি পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণের বরাদ্দও নিষিদ্ধ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থাপনা ছাড়া অন্য সব নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণ স্থগিত থাকবে। নির্মাণাধীন কোনো ভবনের কাজ ইতোমধ্যে ৭০ শতাংশ বা তার বেশি শেষ হলে কেবল অর্থ বিভাগের অনুমতি নিয়ে বাকি অংশের ব্যয় নির্বাহ করা যাবে। জরুরি দরকারে অন্য কোনো ভবন নির্মাণের ক্ষেত্রেও আলাদা অনুমোদন লাগবে। একই সঙ্গে সরকারি খরচে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে একান্ত জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সীমিত পরিসরে বিদেশ ভ্রমণ করা যাবে। অন্যদিকে আপ্যায়ন ও আনুষ্ঠানিক আয়োজনের সুযোগ থাকলেও আড়ম্বর বর্জন করে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা রয়েছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিষয়ে অর্থ বিভাগ জানিয়েছে, সংশোধিত এডিপিতে প্রকল্পের মোট সংখ্যা কমিয়ে আনতে হবে। বরাদ্দহীন কোনো প্রকল্প সংশোধিত এডিপির মূল অংশে অন্তর্ভুক্ত করা যাবে না। সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ধীরগতির ও কম গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে বরাদ্দ কেটে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পে স্থানান্তর করতে হবে। বৈদেশিক ঋণ ও অনুদানভিত্তিক প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলা হয়েছে। চলতি অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্পগুলোও বিশেষ গুরুত্ব পাবে। একই ধরনের একাধিক ক্ষুদ্র প্রকল্প আলাদাভাবে না রেখে গুচ্ছ প্রকল্প হিসেবে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পের বিপরীতে প্রয়োজনীয় স্থানীয় মুদ্রা বরাদ্দ নিশ্চিত করার পরই কেবল নতুন প্রকল্পে হাত দেওয়া যাবে।
সংশোধিত পরিচালন বাজেট প্রণয়নের ক্ষেত্রে ২০২৬ সালের জাতীয় বেতনকাঠামো অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রকৃত বেতন-ভাতার খরচ বিবেচনায় নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া রাজস্ব আয় এবং পরিচালন ব্যয়ের সংশোধিত হিসাব নির্ধারণে বিগত দুই অর্থবছরের প্রথম ছয় মাস ও চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত আর্থিক গতিপ্রকৃতি পর্যালোচনা করতে বলেছে অর্থ মন্ত্রণালয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.